প্রেম যদি হয় মনের মতো স্বচ্ছ কোনো নদী,
তার জলে মিশে থাকে না প্রতারণার নিরবধি।
যে ভালোবাসা হিসাব কষে কাছে আসার পথ,
সে তো শুধু চুক্তি লেখা,হৃদয় ছোঁয়ার নয় শপথ।
সরল প্রেমে গরল থাকে না,থাকে না কোনো ছল,
অল্প একটু মায়াতেই সে ভরিয়ে রাখে মন।
দামি উপহার চায় না সে,চায় না বাহারি আয়োজন,
একটু সময়,একটু আস্থা-এই তার সম্বল।
সে প্রেম কারও স্বাধীনতায় দেয় না শেকল পরিয়ে,
নিজের আকাশ ছোট করে না অন্য আকাশ সরিয়ে।
ভুলের পাশে দাঁড়ায় নীরব,দোষের পাশে নয়,
মানুষটাকে ভালোবাসে,তার প্রতিটি ক্ষয়।
যে প্রেমে ভয় দেখিয়ে অধিকার আদায় হয়,
সে প্রেমের নামের আড়ালে অন্য কোনো পরিচয়।
সরল প্রেম তো প্রশ্ন করে,‘কেমন আছো আজ?’
উত্তর না পেলেও রাখে মমতারই সাজ।
এখানে অভিমান জমে,কিন্তু বিদ্বেষ বাসা বাঁধে না,
দূরত্ব এলেও স্মৃতির দরজা বন্ধ করে না।
পৃথিবী যখন লাভ-ক্ষতির অঙ্কে ব্যস্ত থাকে,
সরল প্রেম তখনও মানুষকে মানুষের পাশে রাখে।
তাই প্রেমকে খুব সহজে জটিল করে তুলো না,
বিশ্বাসের ঘরে সন্দেহের অন্ধকার জ্বেলো না।
যে হৃদয় নিঃস্বার্থ হয়ে আরেক হৃদয় চেনে,
সেই প্রেম অমলিন থাকে-সরলতারই ঋণে।