দুর্বার গতিতে ছুটে চলেছে গাড়ি,
হাইওয়ের পর হাইওয়ে ধরে,
পৌছুতে হবে কটেজে তাড়াতাড়ি
মাস্কোকা হ্রদের ধারে।
আকাশে ধূসর মেঘেদের
ছিল আনাগোনা,
রাত্রি নেমেছে পথে
দুষ্কর ছিল আঁধারে পথ চেনা।
গন্তব্যে পৌঁছে দেখি
পড়ছে টিপ টিপ বৃষ্টির ফোঁটা,
বাহিরে ঘন অন্ধকার
ভেতরে কি চমৎকার কটেজটা।
অবশেষে রাত্রি হলো ভোর,
জানালায় ঠিকরে পড়ছে সূর্যের আলো,
ঝলমলে একটি
নতুন দিনের সূচনা হলো।
আহা কি নয়নাভিরাম!
সে এক নৈসর্গিক সৌন্দর্য,
প্রকৃতি যেন ঢেলে দিয়েছে
তার সবটুকু ঐশ্বর্য।
ডানা মেলে পাখিরা উড়ে যায়
ঐ নীল আকাশে,
হ্রদের জল দোল খেয়ে যায়
মৃদুমন্দ হেমন্ত বাতাসে।
মাছ ধরার বরশী গুলো
সঙ্গে করে,
সবাই মিলে চলে গেলাম
হ্রদের ধারে।
বরশীতে কেঁচো গেঁথে
ধরেছি মাছ গোটা চল্লিশ,
রসনায় পেয়েছি প্রচুর আনন্দ
নাইবা হলো সে ইলিশ।
কল্লোলিত মাস্কোকা হ্রদ
সম্মুখে বয়ে চলেছে,
চারিপাশে শুধুই ভালোলাগা
আর মুগ্ধতা ছড়িয়ে আছে।
দেখে দেখে যেন তারে
সাধ মেটেনা,
বিমোহিত রূপে তার
দৃষ্টি যেন আর ফেরেনা।
তুলোর মত মেঘেরা
ভেসে বেড়ায় দূর গগনে,
নির্মল শীতল সমীরণ
শিহরন লাগায় তনুমনে।
পাতা ঝরা দিন বুঝি
চুপিচুপি ঐ এলো বলে,
রঙ্গের আবীর ছড়ালো প্রকৃতি
বনে বনে ডালে ডালে।
আকাশের কানে কানে ওরা
কি জানি কি কথা কয় ,
রৌদ্রস্নাত ঝিকিমিকি হ্রদের জল
সুরের লহরী তুলে ধীরে ধীরে বয়।
সন্ধ্যা নামে হ্রদের ধারে
বনান্তে তখনো চলে রঙের খেলা,
দিন শেষে ঢলে পড়ে রবি
নিমিষে ফুরিয়ে যায় বেলা।
পশ্চিম দিগন্তে রক্তিম আভা
অম্বরে অনুরাগে রঙ ছড়ায়,
নৈঋত কোণে জমে থাকা কালো মেঘ
রাঙা বসনে নিজেকে সাজায়।
ঢেউয়েরা তখন তরঙ্গে তরঙ্গে
মৃদু সুরে কলকল ধ্বনি তোলে
অন্তরীক্ষের শেষ আলোটুকু
জলের বুকে যায় মিলে।
পোর্ট স্যাভার্ন, অন্টারিও, কানাডা