শ্রমিকের ন্যায্য মজুরি ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করেই বেতন কাঠামো নির্ধারণ করতে হবে:বিজিপি

  • লেখক অমূল্য কুমার বৈদ্য
  • ২০২৬-১১-০৩ ২২:৪৭:১৭
image

মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)'র সভাপতি এম এ আলীম সরকার এক বিবৃতিতে বলেন,  শ্রমিকদের বেতন কাঠামো এমন হতে হবে, যাতে তাঁদের মৌলিক অধিকার, ন্যায্য মজুরি ও মানবিক জীবনযাপনের নিশ্চয়তা প্রতিষ্ঠিত হয়। একজন শ্রমিকের আয় দিয়ে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এবং পরিবারের অন্যান্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহের সক্ষমতা থাকতে হবে।
তিনি বলেন, শ্রমিকের শ্রম ও ঘামেই দেশের শিল্প, অর্থনীতি ও উৎপাদনব্যবস্থা সচল থাকে। অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বৃদ্ধির কারণে শ্রমজীবী মানুষ আজ চরম অর্থনৈতিক সংকটে দিন কাটাচ্ছেন।
এম এ আলীম সরকার আরও বলেন, শ্রমিকদের বেতন নির্ধারণে মালিকপক্ষের মুনাফাকে একমাত্র বিবেচ্য বিষয় করা যাবে না। বরং জীবনযাত্রার ব্যয়, পরিবারের সদস্যসংখ্যা, মূল্যস্ফীতি ও শ্রমের যথাযথ মূল্যায়ন করতে হবে। বেতন কাঠামো নির্ধারণে শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নির্ধারিত কর্মঘণ্টা, সাপ্তাহিক ছুটি, নিরাপদ কর্মপরিবেশ, চিকিৎসাসুবিধা, মাতৃত্বকালীন সুবিধা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও মালিকপক্ষের দায়িত্ব।
আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, শ্রমিকদের জীবনমান উন্নয়নে বাস্তবসম্মত ও বৈষম্যহীন বেতন কাঠামো প্রণয়ন করতে হবে। শ্রমিকের অধিকার নিশ্চিত না করে টেকসই শিল্পোন্নয়ন ও অর্থনৈতিক মুক্তি অর্জন সম্ভব নয়। শ্রমিকের ন্যায্য অধিকার কোনো দয়া বা অনুগ্রহ নয়, এটি তাঁদের সাংবিধানিক ও মানবিক অধিকার।