চুরির পর ক্ষমাপ্রার্থনার চিরকুটসহ ফিরল প্রায় সাড়ে ৩ কোটি টাকার সুইস ঘড়ি

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-১১-০৩ ১০:৪৭:৫৯
image

জাপানের রাজধানী টোকিওতে চুরির পর অভিনব এক ঘটনায় ফিরে এসেছে প্রায় ২ লাখ ৯২ হাজার ডলার বা ৩ কোটি ৫০ লাখ টাকার একটি বিলাসবহুল সুইস ঘড়ি। ঘড়িটির সঙ্গে পাওয়া গেছে হাতে লেখা ক্ষমাপ্রার্থনার চিরকুট। তবে ঘড়ি ফিরিয়ে দেওয়া হলেও চুরির ঘটনায় জড়িত ব্যক্তিকে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত ২৯ অক্টোবর টোকিওর নাকানো এলাকার নাকানো ব্রডওয়ে বিপণিবিতানের একটি ঘড়ির দোকানে এ চুরির ঘটনা ঘটে। ক্রেতা সেজে দোকানে প্রবেশ করা এক ব্যক্তি সুইজারল্যান্ডের বিলাসবহুল ব্র্যান্ড অডেমার পিগের একটি ঘড়ি দেখতে চান। পরে ঘড়িটি হাতে পরে দেখার সময় সেটি নিয়েই দ্রুত দোকান থেকে পালিয়ে যান তিনি।
চুরি হওয়া ঘড়িটির মূল্য প্রায় ৪ কোটি ৬০ লাখ জাপানি ইয়েন, যা মার্কিন ডলারে প্রায় ২ লাখ ৯২ হাজার ডলার। ঘটনার সময় দোকানে দুজন কর্মী উপস্থিত ছিলেন। তবে তাঁদের কেউ আহত হননি।
ঘটনার পর গত রোববার সকালে দোকানটিতে একটি পার্সেল পৌঁছায়। প্যাকেট খুলে কর্মীরা দেখতে পান, এর ভেতরে রয়েছে চুরি হওয়া সেই ঘড়ি। সঙ্গে রাখা ছিল হাতে লেখা একটি ক্ষমাপ্রার্থনার চিরকুট। ঘড়িটির সিরিয়াল নম্বর পরীক্ষা করে দোকান কর্তৃপক্ষ নিশ্চিত হয়, এটি চুরি হওয়া ঘড়িটিই।
জাপানের আসাহি শিম্বুনসহ স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম সোমবার তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানায়, পার্সেলটি আইচি প্রিফেকচার থেকে পাঠানো হয়েছিল। প্যাকেটের গায়ে প্রেরকের নাম ও ঠিকানা লেখা থাকলেও সেগুলো ভুয়া হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় টোকিও পুলিশ এখনো ঘড়ি নিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিকে খুঁজছে। ঘড়িটি ফেরত পাঠানোর সঙ্গে চুরিতে জড়িত ব্যক্তির সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট দোকান কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
এদিকে, একই বিপণিবিতানে গত আগস্টেও বড় ধরনের ঘড়ি চুরির ঘটনা ঘটেছিল। সে সময় অন্য একটি দোকান থেকে প্রায় ২০ কোটি জাপানি ইয়েন বা ১৩ লাখ ডলার মূল্যের চারটি বিলাসবহুল ঘড়ি চুরি হয়। পরপর এমন ঘটনায় বিপণিবিতানটির নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

টোকিও ঘড়ি চুরি, অডেমার পিগে, জাপান সংবাদ