আমার অনেক প্রাপ্য ছিল।
আমার কিছু প্রাপ্য ছিল
ছায়ার কাছে, রোদ অবেলার বিকেল মায়ার কাছে
ঘরের কাছে, ঘর পিয়াসী বুনো উদাস
স্বজন নদীর কাছে
পাখির কাছে ফুলের কাছে
শিশু বেলার হাত বাড়ানো সান্ধ্য মাঠের কাছে
বুকের নহর ছলকে ওঠা প্রথম প্রেমের মত
পবিত্র এক কাব্য লেখার কাছে
সবটা চাওয়া আমার
অনেক বেশি অপেক্ষাতে ছিল,
যা কখনো হয়নি পাওয়া, আর হবে না কোনদিনও-
পাওয়ার আগেই সবটা চাওয়া না পাওয়া এক গুমোট অভিমানে
শুণ্যে ওড়ায়
বিশাল ডানা তার।
পাওনাগুলো নিজেই যেন মস্ত পাওনাদার
রাোজই তাদের তাড়া খেয়ে পালিয়ে বেড়াই নিজে।
কোথায় পাব কার যে চেয়ে নেব
চাওয়া পাওয়ার হিসেব ছিল যত,
আমার কি দোষ বলো?
সবার মত আমিও তো
আমার চাওয়ায় এই আমাকে খুঁজি।
চাওয়া পাওয়ার দুর নিশানা এতই বিশাল
এতই সুদুর সীমারেখার যে
জীবন বেলার প্রাপ্য যত ছিল
সব হিসেবেই শূন্য মেলে শেষে।