আগামীকাল এইচএসসি ও সমমানের ফল, অপেক্ষায় ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী

  • সকালের আলো ডেস্ক
  • ২০২৬-১০-৩০ ১৯:৫২:২৬
image

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হবে। এর মধ্য দিয়ে ফলের অপেক্ষায় থাকা দেশের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
শনিবার সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
যেভাবে ফল জানা যাবে
ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, অনলাইন ও এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
অনলাইনে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফল জানা যাবে।
এ ছাড়া যেকোনো মোবাইল অপারেটর থেকে নির্ধারিত পদ্ধতিতে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে।
পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজারের বেশি
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন।
অর্থাৎ, এবার ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছেন।
সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন।
এর মধ্যে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। এ নয় বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনেও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগে কয়েকটি পরীক্ষা স্থগিত
গত ২ জুলাই সারা দেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা ৮ আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হয়।
লিখিত পরীক্ষা শেষে ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করা হয়। এরপর উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রস্তুত ও আনুষঙ্গিক কার্যক্রম শেষ করে ফল প্রকাশের প্রস্তুতি নেয় শিক্ষা বোর্ডগুলো।
ফল নিয়ে অসন্তুষ্ট হলে পুনর্নিরীক্ষণের সুযোগ
এদিকে ফল প্রকাশের পর কোনো শিক্ষার্থী ফলাফলে অসন্তুষ্ট হলে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করার সুযোগ পাবেন।
আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ফল প্রকাশের সঙ্গে সঙ্গে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে শুরু হবে পরবর্তী শিক্ষাজীবনের প্রস্তুতি। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া, উচ্চশিক্ষার পরিকল্পনা ও পছন্দের বিষয়ে ভর্তি নিয়ে নতুন করে ব্যস্ততা শুরু হবে লাখো শিক্ষার্থীর।

এইচএসসি ফলাফল ২০২৬, এইচএসসি রেজাল্ট, এইচএসসি ফল প্রকাশ