পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের সবাই কিশোর ও তরুণ বলে স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে মালঞ্চি ইউনিয়নের গোবিন্দপুর এলাকার সোনাপাতি বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে কয়েকজন কিশোর ও তরুণ সোনাপাতি বিলে মাছ ধরতে যান। বিকেলের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা নিরাপদ আশ্রয়ের জন্য বাড়ির দিকে রওনা হন। পরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে কয়েকজন বিলের মধ্যে থাকা একটি অস্থায়ী পলিথিনের ঘরে আশ্রয় নেন।
এ সময় ওই ঘরের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান। প্রাথমিকভাবে আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান, বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে কয়েকজন ওই পলিথিনের ঘরে আশ্রয় নিয়েছিলেন। বজ্রপাত সরাসরি ঘরটিতে আঘাত করলে ছয়জনের মৃত্যু হয়। নিহতরা কিশোর ও তরুণ বয়সী।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে বিস্তারিত তথ্য জানানো হবে।
আকস্মিক এই বজ্রপাতে একসঙ্গে ছয়জনের প্রাণহানিতে সোনাপাতি বিল ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাবনায় বজ্রপাত, সোনাপাতি বিল, বজ্রপাতে ৬ মৃত্যু