শা হা না জ শি উ লী

  • কবিতা ঘুড়ি বলে উড়তে শেখো
  • ২০২৬-১০-২৯ ১৬:০২:৪৮
image

মন খারাপের মেঘ জমেছে খোকার মনের কোণে
তাই তো খোকা রাগ করে সে বসে আছে বনে।
হঠাৎ খোকা আকাশপানে তাকিয়ে দেখে ঘুড়ি,
ইচ্ছে হলো ঘুড়ির সাথে আকাশপানে উড়ি।

বলল, ঘুড়ি, “দুঃখ কিসের? আছিস কেন চুপ?”
বলল খোকা, “নীল আকাশে দেখছি তোমার রূপ।”
ঘুড়ি বলে, “বাঁধা আমি, তবু আকাশ ছুঁই,
আমার মতো উড়তে হলে হার মানিস না তুই।”

“স্বপ্ন হলো পথের প্রদীপ, জ্বালিস হৃদয়কোণে,
হাজার বাঁধা আসুক তবু ভয় রাখিস না মনে।”
ঘুড়ির কথা শুনে খোকা বুকে সাহস আনে,
সব ভয় সে মাড়িয়ে দিয়ে ছুটল আকাশপানে।

ঘুড়ির মতো উড়ে খোকা হাওয়ায় হাওয়ায় দোলে,
দমকা হাওয়ায় সুতা ছিঁড়ে পড়ল মায়ের কোলে।
মা বলল, “মেঘ জমলেও সূর্য থাকে রেখায়,
আঁধার কেটে আলো আসে এই তো জীবন শেখায়।