পুলিশে ১৪ হাজার নতুন নিয়োগ, সরাসরি নেওয়া হবে ৪ হাজার এসআই

  • সকালের আলো ডেস্ক
  • ২০২৬-১০-২৯ ০৯:৩৯:৩১
image

বাংলাদেশ পুলিশে নতুন করে ১৪ হাজার জনবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৪ হাজার উপপরিদর্শক (এসআই) এবং ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। বিশেষ করে এসআই পদে এবারই প্রথম চার হাজার পদেই শতভাগ সরাসরি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সচিবালয়ে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই নিয়োগপ্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রচলিত পুলিশ প্রবিধান (পিআরবি) অনুযায়ী, এসআই পদের ৫০ শতাংশ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হয়। কিন্তু এবার সেই নিয়মে পরিবর্তন এনে চার হাজার এসআই পদেই সরাসরি নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। এ জন্য পুলিশ প্রবিধানও সংশোধন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরিবর্তিত পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক ও আরও কার্যকর করতে নতুন পদগুলো সৃষ্টি করা হয়েছে। অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের পর সচিব কমিটিতে প্রস্তাবটি অনুমোদন পায়।
কর্মকর্তারা বলছেন, চার হাজার এসআই পদে শতভাগ সরাসরি নিয়োগের সিদ্ধান্তটি আপাতত এককালীন পদক্ষেপ। তবে ভবিষ্যতে প্রয়োজন বিবেচনায় সরকার একই ধরনের সিদ্ধান্ত নিতে পারবে।
এদিকে পুলিশ বাহিনীর কর্মকর্তা পর্যায়েও জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শূন্য পদ পূরণে বিশেষ বিসিএসের মাধ্যমে ৪০০ থেকে ৫০০ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এ জন্য ৫২তম বিসিএসের মাধ্যমে নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে। নিয়োগের পর নবনিযুক্ত এএসপিদের বুনিয়াদি প্রশিক্ষণের সময় কিছুটা কমানোর বিষয়েও চিন্তাভাবনা চলছে।
নতুন নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি প্রার্থীদের কঠোর গোয়েন্দা যাচাই-বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিগত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে কনস্টেবল, এসআই ও সার্জেন্ট পদে প্রায় ১ লাখ ২০ হাজার সদস্য নিয়োগ পেয়েছেন। কর্মকর্তাদের দাবি, ওই সময়ে পুলিশের নিয়োগের বড় একটি অংশ রাজনৈতিক প্রভাবের আওতায় হয়েছিল। নতুন নিয়োগের ক্ষেত্রে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যাচাই-বাছাই ও স্বচ্ছতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

পুলিশে ১৪ হাজার নিয়োগ, ৪ হাজার এসআই নিয়োগ, ১০ হাজার কনস্টেবল