ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু, ১৮৫ কেন্দ্রে লড়াই পাঁচ প্রার্থীর

  • ঠাকুরগাঁও প্রতিনিধি
  • ২০২৬-১০-২৯ ০৯:২০:৫৬
image

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী এলাকার ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোট নেওয়া শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুরো আসনে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানিয়েছেন, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজারের বেশি। ভোটগ্রহণের জন্য ১৮৫টি কেন্দ্রে ৯৮৯টি বুথ প্রস্তুত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এই উপনির্বাচনে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন। এছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলিম নিজামী বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের হোসাইন মোহাম্মদ ওমর ফারুক গ্রিন নারিকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সকালেই বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য হয়। তাঁর ছেড়ে দেওয়া আসনেই এবার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আগের নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৩২ হাজার ৫৮৪ ভোট।
এদিকে উপনির্বাচন ঘিরে ১১ দলীয় জোট প্রশাসনের নিরপেক্ষতা ও নির্বাচনী পরিবেশ নিয়ে অভিযোগ তুললেও নির্বাচন কমিশন জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভোট নিয়ে উদ্বেগের কারণ নেই।
আজকের ভোটের মধ্য দিয়ে ঠাকুরগাঁও-১ আসনে নতুন সংসদ সদস্য নির্বাচিত হবেন।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন,মির্জা ফয়সল আমীন,ঠাকুরগাঁও ভোট