চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ভয়াবহ রুপ নেয়া চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গু সংক্রমন পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৬ অক্টোবর) দুপুরে দুই ঘন্টারও বেশি সময় ধরে চলা সভায় ডেঙ্গু প্রতিরোধ এবং চিকিৎসা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। সভায় সর্বাধিক গুরুত্ব পায় এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধির বিষয়টি। জেলা প্রশাসক আবু ছলেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সংশ্লিস্ট সকলের উপস্থিতিতে উচ্চ পর্যায়ের এই সভায় ডেঙ্গু নিয়ন্ত্রণের কৌশল নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা। জেলায় বিশেষ করে সর্বাধিক সংক্রমিত চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে বর্ননা করেন আলোচকরা।
বক্তরা বলেন, চাঁপাইনবাবগঞ্জে বিগত বছরগুলোর তুলনায় এ বছর সংক্রমনের হার অনেক বেশী। বিশেষ করে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা মানুষকে আতংকিত করে তুলেছে। এ ব্যাপারে জেলা হাসপাতালের তত্বাবধ্যায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার বলেন, এখন রোগীর রক্তের প্লাটিলেট কমে যাবার থেকে ভয় বেশি হচ্ছে রক্তের প্লাজমা লিকেজ সমস্যা। এতে রোগির পানিশূণ্যতা বাড়ে। ভাইরাসের সাম্প্রতিক ভ্যারিয়েন্টে রোগীর জ¦র কমার পর রোগী যখন অনেকটা সুস্থ বোধ করেন তখন রক্তের প্লাজমা লিকেজের মাধ্যমে অবস্থার দ্রুত অবনতি হয়ে রোগি শক সিনড্রোমে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। রোগিদের মশারী ব্যবহারে অনীহার কথা জানিয়ে তিনি বলেন, মশারী ব্যবহার গুরুত্বপূর্ণ।জেলা হাসপাতালে তিল ধারণের ঠাঁই নাই বলেও জানান এই চিকিৎসক।
অতিরিক্ত জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, বিগত দুমাস ধরে চলা মশা নিধন ও সচেতনতা কার্যক্রম থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগানো হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণের কার্যক্রমের কৌশলে কিছু পরিবর্তন করা হবে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চলমান ড্রেন নির্মাণের সাথে ডেঙ্গুর প্রকোপের সম্পর্ক নিয়ে বিভিন্ন মহলের বিরুপ ধারণার কথা তুলে ধরে তিনি এ ব্যাপারে পৌরসভাকে কার্যকর পদক্ষেপ নেবার আহব্বান জানান।
জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও পৌর প্রশাসক উজ্জল কুমার ঘোষ বলেন, অসমাপ্ত ড্রেনগুলোতে মশা নিধনের ওষুধ (লার্ভিসাইড) ব্যবহার বাড়ানো হবে। শুধু এডিস নয়,কোন মশাই উপকারী নয়। যেখানে যে মশার লার্ভা পাওয়া যাবে সবই ধংস করা হবে।
জেলা প্রশাসক বলেন, মানুষ সচেতন না হলে কোনভাবেই মশা নিয়ন্ত্রণ করা যাবে না। এখন থেকে টানা কাজ না করলে সামনে মৌসুমে ডেঙ্গু চাঁপাইনবাবগঞ্জে আরও প্রাণঘাতী হবে।