সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: সরকার ব্যর্থতার দায় এড়াতে পারে না-বিজিপি

  • লেখক অমূল্য কুমার বৈদ্য
  • ২০২৬-১০-২৩ ১৫:৪৮:০৮
image

এক বিবৃতিতে বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)'র সভাপতি এম এম এ আলীম সরকার সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বলেন, বিদেশের মাটিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটকে অবহিত করা হয়নি- এ তথ্য দেশের কূটনৈতিক তৎপরতা ও প্রবাসীদের সুরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। সরকার এই ঘটনার দায় এড়িয়ে যেতে পারে না।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৪ অক্টোবর ২০২৬ সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে মসজিদে কথিত অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আদালতের রায় কার্যকরের কথা জানায়। উক্ত ঘটনার বিস্তারিত তথ্য, বিচারপ্রক্রিয়া ও সংশ্লিষ্ট নথি সম্পর্কে  বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড.আব্দুল্লাহ বিন জাফের এইচ বিন আবিয়াহকে তলব করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যাখ্যা চেয়েছে। বাংলাদেশের কূটনৈতিক মিশনও মৃত্যুদণ্ড কার্যকরের আগে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পায়নি বলে জানিয়েছে।
এম এ আলীম সরকার বলেন, সৌদি আরব বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার। লাখ লাখ বাংলাদেশি প্রবাসী সেখানে কর্মরত থেকে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং বিপুল বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন। অথচ প্রবাসীদের জীবন, অধিকার ও আইনি সুরক্ষার প্রশ্নে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। শুধু ঘটনার পর  ব্যাখ্যা চাওয়াই যথেষ্ট নয়; কেন বাংলাদেশের সংশ্লিষ্ট মিশন আগে কোনো তথ্য পেল না, তা নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে।
তিনি আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছিল, তাঁরা যথাযথ আইনি সহায়তা ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছিলেন কি না এবং বিচারপ্রক্রিয়ায় বাংলাদেশের কনস্যুলার সহায়তার সুযোগ ছিল কি না- এসব প্রশ্নের নির্ভরযোগ্য উত্তর প্রয়োজন। তবে পূর্ণাঙ্গ নথি ও তথ্য হাতে পাওয়ার আগেই বিচারপ্রক্রিয়া সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়।
আমরা সরকারের নিকট আহ্বান,করছি-সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে আদালতের পূর্ণাঙ্গ রায়,অভিযোগের বিবরণ এবং বিচারপ্রক্রিয়ার নথি সংগ্রহ করে ঘটনার প্রকৃত সত্য প্রকাশ করতে হবে।মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশি কূটনৈতিক মিশনকে অবহিত না করার কারণ অনুসন্ধান করে কূটনৈতিক বা প্রশাসনিক কোনো ব্যর্থতা থাকলে জবাবদিহি নিশ্চিত করতে হবে।  নিহত দুই বাংলাদেশির পরিবারের সঙ্গে যোগাযোগ, প্রয়োজনীয় সহায়তা এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।
এম এ আলীম সরকার  আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের জীবন ও অধিকার রক্ষা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। কূটনৈতিক সম্পর্কের সৌহার্দ্য বজায় রাখার পাশাপাশি নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকারকে দৃঢ় অবস্থান নিতে হবে। এই মর্মান্তিক ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন, পরিবারের ন্যায়সংগত অধিকার নিশ্চিত এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়েই সরকারের দায়িত্বশীলতার প্রমাণ দিতে হবে।