নারায়ণগঞ্জের বন্দরে মাকসুদা বেগম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে নিহতের পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসী অংশ নেন। এ সময় তাঁদের হাতে হত্যার বিচার দাবিতে বিভিন্ন লেখা ও ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। তাঁরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত মাকসুদা বেগমের ছেলে আহত রাসেল ইসলাম, মো. জজ মিয়া, মেয়ে শারমিন আক্তার, বোন মোসা. নাসরিন সুলতানা, আনোয়ারা বেগম, ছানোয়ারা বেগমসহ অন্যরা।
পরিবারের অভিযোগ, গত ১৩ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের বন্দর থানাধীন মাহমুদনগরে ইনসি সিমেন্ট ফ্যাক্টরির সামনে ভাঙারির ব্যবসার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এতে মাকসুদা বেগম নিহত হন। মাকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁর ছোট ছেলে রাসেল ইসলামও হামলায় আহত হন বলে পরিবারের সদস্যরা জানান।
পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় বেশ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান,এ ঘটনায় বন্দর থানায় হত্যা মামলা করা হয়েছে। তাঁরা মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, “মাকসুদা বেগম হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।”