জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে র্যালি,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ০৯.০০ টায় সংগঠনের কাজিহাটাস্থ কার্যালয় থেকে র্যালি বের করা হয়। র্যালিটি লক্ষ্মীপুর মোড় ও সি এন্ড বি মোড় প্রদক্ষিন করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় র্যালিতে ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ’ স্লোগানের মাধ্যমে সড়ক নিরাপত্তায় জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
র্যালি শেষে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এর সহ সভাপতি জনাব জিয়াউদ্দিন আহমেদ। সভায় সভাপতিত্ব করেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সহসভাপতি প্রকৌশলী জুনায়েদ আহমেদ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য আলহাজ কাজী কায়কোবাদ।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মুন্সি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক ডাঃআমানুল্লাহ বিন আখতার (আবিদ)। এছাড়াও দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক শিউলী আকতার জেমি, প্রকাশনা সম্পাদক আসমানি খাতুন আঁখি, কার্যনির্বাহী সদস্য ডাঃ মোঃ মনিরুল হক, আব্দুস শাহীদসহ আরও অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারী সবার সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। নিরাপদ সড়ক গড়তে সম্মিলিত উদ্যোগের ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে নিসচার প্রতিষ্ঠাতা মরহুমা জাহানারা কাঞ্চনের আত্মার মাগফিরাত এবং নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটুর নেতৃত্বে মহানগরীর লক্ষ্মীপুর সড়কে লিফলেট বিতরন ও সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এতে অংশগ্রহণ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডাঃ আবিদ, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক শিউলী আকতার জেমি, প্রকাশনা সম্পাদক আসমানি খাতুন আঁখি, কার্যনির্বাহী সদস্য আব্দুস শাহীদ এবং অন্যান্য সদস্যদের মধ্যে নাফিজ খান, নাজমুল হাসান রোজেন, লাভ্লু চৌধুরী, আফ্রিদি, রাকা, পিন্টু, তুহিন খান, রাহাত, ইমন, সাফিয়া, সিয়ামসহ আরও অনেকে অংশগ্রহন করেন।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিসচা রাজশাহী জেলা শাখা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান আয়োজকেরা।