চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারত যাবার সময় নিষিদ্ধ ঘোষিত যুব মহিলা লীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কোষাধ্যক্ষ সুলতানা পারভীন সম্পাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানায়,বুধবার(২১ অক্টোবর) বিকাল ৪টার দিকে তাঁকে আটক করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের শিয়ালা কলোনি মহল্লার জুলমত আলীর মেয়ে।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন(৫৯বিজিবি) অধিনায়ক লে.কর্নেল কাজী আল আমিন অপু বলেন, বুধবার বিকালে পাসপোর্টে ভারত যাবার সময় সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্ট(আইসিপি) পার হবার পর বিজিবি চেকপোষ্টে সুলতানাকে আটক করা হয়। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, বুধবার রাত ৯টার দিকে বিজিবি সুলতানাকে শিবগঞ্জ পুলিশের নিকট হস্তান্তর করে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।