ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ৭৩

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-১০-২১ ০৯:৫০:৫৯
image

ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি বাহিনীর একটি সামরিক শিবিরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো ১৪ জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার জ্বালানিসমৃদ্ধ শাবওয়া প্রদেশের একটি সামরিক শিবিরে এ হামলা চালানো হয়। এতে আহত হয়েছেন দুই শতাধিক ব্যক্তি। হতাহতরা সবাই অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর নবীন সদস্য। হামলার সময় তাঁরা প্রশিক্ষণ নিচ্ছিলেন।
এর আগে সোমবার স্থানীয় কর্তৃপক্ষ ৫৩ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছিল। পরে হতাহতের সংখ্যা আরও বেড়েছে বলে জানানো হয়।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, হুতিরা শাবওয়া প্রদেশ লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর একটি নিরাপত্তা ও পুলিশ বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে আঘাত হানে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি পরে হামলার দায় স্বীকার করেন। তাঁর দাবি, সৌদি আরবের এক কর্মকর্তার পরিচালনাধীন আল-আলাম শিবিরে অবস্থানরত সৌদি বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে।
দীর্ঘদিনের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইয়েমেনের হুতি বিদ্রোহী ও সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত আবারও তীব্র হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ হামলাকে অন্যতম প্রাণঘাতী ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
শাবওয়া প্রদেশে ইয়েমেনের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাসক্ষেত্র রয়েছে। দেশটির অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বালহাফ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনালও এ প্রদেশে অবস্থিত। হামলার পর নতুন করে স্থল অভিযান শুরু হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে সরকারি সামরিক সূত্র। গত মাসে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লোহিত সাগর উপকূলের বন্দরনগরী মোখা দখলের মতো পরিস্থিতি আবারও তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, ইয়েমেনের তাইজ প্রদেশের উপকূলে সৌদি আরবের বিমান হামলায় আট জেলে নিহত হয়েছেন বলে মঙ্গলবার দাবি করেছে হুতিরা। হুতি-সমর্থিত সংবাদমাধ্যম সাবার প্রতিবেদনে বলা হয়, ধুবাব জেলার আল-কাধা উপকূলে মাছ ধরার দুটি নৌকায় হামলায় তাঁদের মৃত্যু হয়।
এলাকাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছে অবস্থিত। গত মাসে হুতিরা প্রণালিটির নিয়ন্ত্রণ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে জেলেদের মৃত্যুর বিষয়ে হুতিদের এ দাবির স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য প্রতিবেদনে দেওয়া হয়নি।

ইয়েমেন, হুতি হামলা, ক্ষেপণাস্ত্র