সাতক্ষীরা :
সাতক্ষীরায় যুবদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর সহযোগিতায় তালা উপজেলার ত্রিশ মাইল মোড়স্থ অগ্রগতি রিসোর্টের হলরুমে গত ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সাতক্ষীরা সদর ও কালীগঞ্জ উপজেলার ৩০ জন (প্রতি উপজেলা থেকে ১৫ জন করে) নির্বাচিত তরুণ-তরুণী অংশ নেন। যুবদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতা, জেন্ডার সমতা, মানবাধিকার, সক্রিয় নাগরিকত্ব এবং স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে নেতৃত্ব প্রদান, মানবাধিকার ‘কাউকে পেছনে ফেলে নয়’ নীতির ভিত্তিতে সামাজিক উন্নয়ন, সমস্যা চিহ্নিতকরণ, অ্যাডভোকেসি, কার্যকর যোগাযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার ও নেটওয়ার্কিং নিয়ে বিষদ আলোচনা করা হয়। এছাড়া দলগত আলোচনা, শিক্ষামূলক খেলা ও ব্যবহারিক সেশনের মাধ্যমে তরুণরা নিজ নিজ এলাকার সামাজিক সমস্যা বিশ্লেষণ করে তা সমাধানের বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা তৈরি করেন।
প্রশিক্ষণ সেশনগুলো পরিচালনা করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, জাগরণ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. সুইট খান, প্রশিক্ষক ফারহানা ইয়াসমিন, প্রশিক্ষক আবিদ হাসান এবং প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান। সমগ্র প্রশিক্ষণের অগ্রগতি ও মান পর্যবেক্ষণ করেন আসমাউল সোহানা প্রমূখ্য।
সমাপনী দিনে অংশগ্রহণকারী যুবরা তিন দিনের শিখন ও কর্মপরিকল্পনার ওপর উপস্থাপনা প্রদান করেন। অনুষ্ঠান শেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় তরুণ-তরুণীদের হাতে সনদপত্র তুলে দেন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে যুবরা স্থানীয় পর্যায়ে ইতিবাচক সামাজিক পরিবর্তন আনতে এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গঠনে কার্যকর ভূমিকা পালন করবে।