ই ভা আ ল মা স

  • এই তুমি সেই তুমি
  • ২০২৩-০৯-২৮ ১১:০২:৪৮
image

তোমাকে ছুঁতে গেলেই বৃক্ষ হয়ে যাও! 
সবুজ চাদর বিছিয়ে দাও সারা অঙ্গে
বাহারি কূজনে মেতে রও অষ্ট রঙ্গে 
দক্ষিণা বাতাসে দোল খাও,দোল খাও। 

দৃষ্টিকে ছুঁতে চাইলেই জ্যোৎস্না হও
দুধ-সাদা প্রান্তর জুড়ে জোনাকির ঝাঁক 
ঘাসের উপর নুয়ে পড়ে আলোর ঝলক 
চিবুকের কার্নিশে ঝুলে গান শোনাও।

মন দিয়ে যখনই অদৃশ্য মন ছুঁতে যাই 
মনটাকে মনে হয় শক্ত প্রবালের দ্বীপ 
মানুষের আবরণে অচ্ছুত জীবাশ্ম সরিসৃপ 
হাত মুখ দেহ কিছুতেই কোন কিছু নাই। 

অশরীরী আত্মার ছোঁয়াখানি হৃদয় তটে 
শিহরণ দিয়ে যাও অষ্টপ্রহর বেনামে 
নেই নেই তবু মিশে থাকো অনুক্ষণে
কেন জানি আমাদের প্রেম নিয়ে কত কথা রটে...