ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ নগরীর খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট কুয়েট রোড সংলগ্ন বালুর মাঠ এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী চক্রের দখলে থাকা সম্পত্তি শেষ পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন ওয়ারেশসূত্রে প্রাপ্ত প্রকৃত মালিকেরা। ১৭ অক্টোবর সকালে জমির প্রকৃত মালিক এস.এম আশিক আহমেদ ও মোছাম্মৎ শাহিনা বেগম উপস্থিত হয়ে ০.৩৩৭ শতক জমিতে সীমানা বেড়া (ঘেরা) নির্মাণ করেন এবং মালিকানার সাইনবোর্ড টাঙিয়ে দেন।
জানা যায়, বর্ণিত জমিটির আর, এস খতিয়ান নম্বর ১৪০৬ ও ৩৯৪৮ এবং দাগ নম্বর ৪১২৮। দীর্ঘদিন ধরে এলাকার একদল প্রভাবশালী ব্যক্তি জমিটি বেআইনিভাবে নিজেদের দখলে রেখেছিল। একাধিকবার চেষ্টা করেও ওয়ারেশরা নিজেদের জমি উদ্ধার করতে পারেনি। অবশেষে শনিবার সকালে তারা জমিতে সীমানা প্রাচীর ও বাঁশের বেড়া দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নেন। এ বিষয়ে জমির ওয়ারেশ সূত্রে মালিকেরা জানান, "ওয়ারেশ হিসেবে আমরা দীর্ঘদিন ধরে আমাদের এই জমি থেকে বঞ্চিত ছিলাম। প্রভাবশালীরা জোরপূর্বক তা দখলে রেখেছিল। আজ আমরা আমাদের নিজস্ব জমি বুঝে নিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছি ও ঘেরা বেড়া দিয়েছি।" বর্তমানে ওই জমিতে টাঙানো সাইনবোর্ডে প্রকৃত মালিকদের নাম ও জমির যাবতীয় তথ্য উল্লেখ রয়েছে।