খুলনা মেডিকেল কলেজে ক্যান্সার রোগীর স্বজন ও শিশু কন্যার ওপর ওয়ার্ড বয়দের রক্তক্ষয়ী হামলা

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-১০-১৭ ২২:২৫:২৭
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন এক ক্যান্সার রোগীর অসহায় স্বজন ও শিশু কন্যার ওপর পৈশাচিক হামলা চালিয়েছে হাসপাতালের কতিপয় বেপরোয়া ওয়ার্ড বয় ও তাদের সহযোগীরা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে চালানো এই ন্যাক্কারজনক হামলায় শিশুসহ তিনজন গুরুতর আহত হয়ে রক্তাক্ত জখম হয়েছেন। হাসপাতালের মতো একটি সেবামূলক প্রতিষ্ঠানে এমন বর্বরোচিত তান্ডবে রোগী ও সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ৩টার দিকে, খুমেক হাসপাতালের দ্বিতীয় তলার ৫/৬ নম্বর ওয়ার্ডের মহিলা অতিরিক্ত বেড নম্বর-৫ এর ভিতর।
ভুক্তভোগী ও হাসপাতালের প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নড়াইল জেলার কালিয়া উপজেলার পেড়োলি গ্রাম থেকে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত মরিয়ম খাতুনকে (৩৪) উন্নত চিকিৎসার জন্য গত ১০ অক্টোবর খুমেক হাসপাতালে ভর্তি করেন তার পরিবার। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তুচ্ছ ঘটনা (অক্সিজেন এর সিলিন্ডার) বিষয়কে কেন্দ্র করে হাসপাতালের ওয়ার্ড বয় মো. আল আমীন ও মো. মেহেদীর নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল অতর্কিতভাবে রোগীর স্বজনদের ওপর হামলা চালায়।
হামলাকারীদের হাতে থাকা লাঠিসোটা ও দেশীয় অস্ত্রের আঘাতে রোগীর স্বামী মো. সোলায়মান শেখ, পিতা লোকমান শেখ, ভাই হাসান মাহমুদ এবং সোলায়মানের মাত্র ১৩ বছরের শিশু কন্যা সাদিয়া আফরিন নির্মমভাবে আহত হন। তাদের শরীরের পিঠে, মাথায়, গলায় এবং ঘাড়ে গুরুতর জখমের রক্তাক্ত চিহ্ন রয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আহতদের খুমেক হাসপাতালেরই তিন তলার ১১/১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হঠাৎ এই সশস্ত্র তাÐবে গোটা হাসপাতালে আতঙ্কের চাদর ঢেকে যায় এবং দিশেহারা হয়ে পড়েন অন্য রোগীর স্বজনরা। উপায় না পেয়ে তারা তাৎক্ষণিকভাবে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ (ট্রিপল নাইন) কল করে সহায়তা চান। খবর পেয়ে পুলিশ সন্ধ্যার পরে ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত  করে।তবে পুলিশের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারকে জানানো হয়েছে, "আপনারা থানায় একটি লিখিত অভিযোগ দিন, অভিযোগ পেলেই আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।" কিন্তু চরম নিরাপত্তাহীনতা ও দুশ্চিন্তার মধ্যে থাকা দরিদ্র পরিবারটি লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া নিয়ে আরও বেশি বিড়ম্বনার মুখে পড়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, অভিযুক্ত ওয়ার্ড বয় মো. আল আমীন ও মো. মেহেদী সিন্ডিকেটের বিরুদ্ধে এর আগেও একাধিকবার রোগী ও স্বজনদের সাথে দুর্ব্যবহার, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। কিন্তু হাসপাতালের ভেতরের একশ্রেণির প্রভাবশালী মহলের ছত্রছায়ার কারণে বারবার পার পেয়ে যাচ্ছে এই দুর্বৃত্তরা।
একদিকে প্রিয়জনের শরীরে মরণব্যাধি ক্যান্সার থাবা বসিয়েছে, অন্যদিকে চিকিৎসালয়ে হাসপাতালেরই কর্মচারীদের নৃশংস শারীরিক হামলার শিকার হয়ে পরিবারটি এখন বাকরুদ্ধ ও চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
হতভাগ্য এই পরিবারটি অবিলম্বে অভিযুক্ত ওয়ার্ড বয় আল আমীন, মেহেদী ও তাদের সহযোগীদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে হাসপাতালের প্রশাসনিক স্থবিরতা দূর করে কঠোর ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন ও খুমেক কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।