চলতি বছরের প্রথম ১৫ দিনে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮২০ জন। এ সময়ে মারা গেছেন ৯০ জন। আর বছরের শুরু থেকে শুক্রবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৩৫ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮ হাজার ৪৪০ জন।
শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ১৭৯ জন।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২ হাজার ২১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৪১০ জন। এ ছাড়া বরিশালে ১৯৬ জন, চট্টগ্রামে ২৪২ জন, খুলনায় ১৪০ জন, রাজশাহীতে ৯৯ জন, ময়মনসিংহে ৯২ জন এবং রংপুরে ৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গু, ডেঙ্গুতে মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তর