দূর্গাপুজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- জাকির হোসেন পিংকু
-
২০২৬-১০-১৫ ১৯:৫৮:২০
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
শারদীয় দূর্গাপুজা সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯টি প্লাটুন মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) থেকে তাঁরা সীমান্ত এলাকা সহ জেলার বিভন্ন এলাকার পুজা মন্ডপগুলির নিরাপত্তায় পুরোদমে কাজ শুরু করবে। ৩টি পৃথক ব্যাটালিয়ন হতে এসব বিজিবি সদস্য মোতায়েন হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, পুজা উপলক্ষে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ২০টি মন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৮ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এর মধ্যে সদর ও শিবগঞ্জ উপজেলা(আংশিক) সীমান্তের মন্ডপগুলোর জন্য ৪ প্লাটুন, ব্যাটালিয়ন সদরের নিকটবর্তী ৩ কিলোমিটার এলাকার জন্য ২ প্লাটুন বিজিবি মোতায়েন হচ্ছে। এছাড়া ব্যাটালিয়ন সদরে ২টি প্লাটুন সংরক্ষিত হিসেবে থাকবে। এরই মধ্যে সকল মন্ডপে রেকি ও প্রস্তুতিমূলক টহল সম্পন্ন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯বিজিবি) অধিনায়ক র.েকর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, সনাতন ধর্মবলম্বীদের নিরাপদ ও উৎসবমূখর উৎসব নিশ্চিতে ব্যাটালিন থেকে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ব্যাটালিয়নের আওতাধীন জেলার শিবগঞ্জ (আংশিক) ও ভোলাহাট সীমান্ত হতে ৮ কিলোমিটার দূরত্বের ১২টি ও ব্যাটালিয়ন সদরের নিকটবর্তী ১টি মন্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করবে বিজিবি। এ জন্য দুটি বেইজক্যাপ স্থাপন করা হয়েছে।
নওগাঁ ব্যাটরিয়নের(১৬বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সীমান্তে ৪টি বিওপির আওতাধীন ১৭টি মন্ডপে নিরাপত্তা প্রদান শুরু করেছে ৪ প্লাটুন বিজিবি। এছাড়া ষ্ট্রাইকিং হিসেবে ব্যাটালিয়ন সদরে মোতায়েন রয়েছে ২ প্লাটুন বিজিবি বলেও জানান অধিনায়ক।