অ রু ণি মা চ্যা টা র্জী

  • বৃত্তের ওপারে বৃষ্টিগন্ধ
  • ২০২৬-১০-১৫ ১৩:৫২:৪৭
image

মেঘেরও একটি আকাশ ছিল ! 
যেখানে বৃষ্টি মানে শুধু জল হয়ে ঝরে পড়া নয়, !!
একটি নীলের গভীরে নিজেকে রেখে আসা।
সেই আকাশের বুকে মেঘ এঁকেছিল ফেরার বৃত্ত,
কথা ছিল ! ঋতুর শেষে দূরত্ব যত দীর্ঘই হোক,
 বৃষ্টি চিনে নেবে তার নীল।
কিন্তু মেঘেরও আরো একটি আকাশ ছিল ! 
অধিকারের শিকড়ে যার দিগন্ত বাঁধা !!
 সেই নীলের অদৃশ্য সীমানায় 
ক্রমশ সংকুচিত হয়ে এল মেঘের মুক্ত আকাশটুকু।

প্রিয় আকাশের কোনো দোষ ছিল না !! 
মেঘও ভাঙেনি ফেরার প্রতিশ্রুতি !! 
তবু অন্য এক আকাশের অধিকারে 
দুটি নীলের মাঝখানে জন্ম নিল অনতিক্রম্য দূরত্ব।
মেঘ সরে গেল। 
কেউ কাউকে বিদায় বলেনি, 
কেউ ভালোবাসা ফিরিয়ে নেয়নি ! 
শুধু যে পথে বৃষ্টি ফিরে আসত, 
সেই পথের মুখে নেমে এসেছিল 
নিষেধের নিশ্ছিদ্র রাত্রি।

এখন মেঘ তার নির্ধারিত নীলে ভাসে, 
বৃষ্টি ঝরে !ঋতু বদলায়,
 শুধু প্রিয় আকাশের বুকে 
তার আর জল হয়ে নামা হয় না।
তবু কোনো এক বিষণ্ণ সন্ধ্যায়
 চেনা নীলের গায়ে হঠাৎ বৃষ্টির গন্ধ জেগে ওঠে ! 
আকাশ জানে না সে কার স্মৃতি !!
মেঘও ফিরে তাকায় না ! 
শুধু দূরত্বের দুই প্রান্তে 
নিঃশব্দে ভিজে ওঠে না বলা কথা।

আকাশের অপরাধ ছিল না, 
মেঘেরও নয় !
 তবু অন্য এক আকাশের দখলদারিতে 
হারিয়ে গেল দুটি নীলের 
পরস্পরের কাছে যাওয়ার অধিকার।
আজও মহাশূন্যের বুকে অসমাপ্ত সেই বৃত্ত !
এক প্রান্তে আকাশ, 
অন্য প্রান্তে মেঘ !!
মাঝখানে শুধু বৃষ্টির গন্ধ, 
যে গন্ধ কারও দখলে নেই !
তবু একদিন একটি আকাশের সমস্ত বৃষ্টি 
অন্য একটি আকাশেরই ছিল।