নওগাঁর মান্দায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১,আহত ২

  • মোঃ রিমন আহমেদ
  • ২০২৬-১০-১৩ ২১:৩৯:৩২
image
নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শহিদুল ইসলাম (৩১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার তুলসীরামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের দারাজ উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে শহিদুল ইসলামসহ কয়েকজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে শহিদুল ইসলামের মৃত্যু হয়। আহতদের মধ্যে সাইফুল ইসলাম ও নিহত শহিদুল ইসলামের স্ত্রী সাথী বিবি রয়েছেন বলে জানা গেছে। তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবজাল হোসেন জানান, সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানা যাবে।