চাঁপাইনবাবগঞ্জে পদ্মার খঁড়িতে গোসলে নেমে নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ ২৮ ঘন্টা পর উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১০-০৯ ১৭:৫২:০৪
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর  উপজেলায় পদ্মা নদীর একটি খাঁড়িতে ডুবে নিখোঁজ  কিশোরি আনিকা খাতুনের (১২)  মরদেহ ওই খাঁড়ি থেকেই প্রায় ২৮ ঘন্টা পর উদ্ধার হয়েছে। আনিকা নারায়নপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জোহরপুর বেলপাড়া গ্রামের আনিকুল ইসলামের মেয়ে এবং জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। বৃহস্পতিবার(৮অক্টোবর) সন্ধ্যায় মরদেহ উদ্ধার হয়। এর আগে বুধবার(৭ অক্টোবর) দুপুরে ওই খাঁড়িতে গোসলে নেমে নিখোঁজ হয় অনিকা।
ফায়ার সার্ভিস এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ২টার দিকে বাড়ির অদুরে ওই খাঁড়ির ঘাটে কাপড় কাঁচা ও গোসলের জন্য যায় আনিকা। কাপড় কাঁচা শেষে গোসলে নামার পর সে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্বজনরা তার খোজ শুরু করে ঘাটে কাপড় ও ঘাটে পোঁতা বাঁশে ঝোলানো ওড়না পেলেও আনিকার সন্ধান পায় নি।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সাঈদ হাসান শুভ বলেন,  ঘটনার খবর পেয়ে রাজশাহী থেকে ডেকে আনা ডুবুরীদল ঘটনাস্থলে পৌঁছে  বুধবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালায়। তবে ওই দিন আনিকাকে উদ্ধার করা যায় নি।  পরে বৃহস্পতিবার  সন্ধ্যা পৌনে ৬টার দিকে ওই খাঁড়িতে মরদেহ ভেসে উঠলে স্বজনরা  সেটি উদ্ধার করে।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নাজির হোসেন ও ইউপি সদস্য মো.রবু বলেন, বুধবার দুপুরে আনিকা একাই  পদ্মা নদীর খাঁড়ির ওই ঘাটে কাপড় কাঁচা ও গোসলের জন্য গেছিল বলে জানা গেছে। পরে ঘাটে তার খোঁজ না পেয়ে স্বজনরা নিজেরাই প্রথমে পানিতে তার  সন্ধান শুুরু করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরীদল ওই রাতে চেষ্টা করেও মরদেহের সন্ধান পায় নি। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় ডুবার স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে মরদেহ ভেসে উঠলে স্থানীয় এবং স্বজনরা তা উদ্ধার করে।