খুলনায় তিন বর্জ্য শোধনাগার চালু হচ্ছে

  • খুলনা প্রতিনিধি:
  • ২০২৬-১০-০৮ ২২:৪৬:১৩
image

খুলনা মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ হিসেবে শিগগিরই তিনটি বর্জ্য প্রক্রিয়াজাতকরণ ও শোধনাগার চালু হচ্ছে। এর মধ্যে ডুমুরিয়ার সলুয়ায় স্থাপিত বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণ কেন্দ্র আগামী ডিসেম্বরে চালু হবে বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
তিনি জানান, বটিয়াঘাটার মাথাভাঙ্গায় স্থাপিত আরও একটি বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণ কেন্দ্রও চালুর অপেক্ষায় রয়েছে। পাশাপাশি রাজবাঁধ ট্রেঞ্চিং গ্রাউন্ডে নির্মিত চিকিৎসাবর্জ্য শোধনাগারও দ্রুত চালু করা হবে। তিনটি কেন্দ্র কার্যকর হলে মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার সকালে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নজরুল ইসলাম মঞ্জু।
পরিবেশ অধিদপ্তর-খুলনার সহযোগিতায় পরিবেশসম্মত ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে গাজী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এ প্রশিক্ষণের আয়োজন করে।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় উন্নত দেশগুলো অনেক এগিয়ে গেছে। বাংলাদেশও সেই মানের কাছাকাছি যেতে চায়। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। সমন্বিত উদ্যোগ ছাড়া কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব নয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজানুর রহমান। প্রধান প্রশিক্ষক ছিলেন পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক সরদার শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. রেজাউর রহমান, সহকারী পরিচালক ডা. মোস্তফা আল মামুন, খুলনা সিটি করপোরেশনের কনজারভেন্সি কর্মকর্তা মো. আনিসুর রহমান এবং হাসপাতালের মহাব্যবস্থাপক মো. সাজ্জাদুল হাসনাত খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান।
কর্মশালায় হাসপাতাল বর্জ্য পৃথকীকরণ, সংগ্রহ, সংরক্ষণ ও অপসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় সঠিকভাবে চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন প্রশিক্ষকেরা।
হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও পরিবেশবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

বর্জ্য ব্যবস্থাপনা, খুলনা, চিকিৎসাবর্জ্য