নানা পাটেকরের শেষকৃত্য হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়

  • বিনোদন ডেক্স
  • ২০২৬-১০-০৮ ১৯:৩৮:৩৪
image

মারা গেছেন কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর। তাঁর মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের আবহের মধ্যেই অভিনেতার শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার।
বৃহস্পতিবার মহারাষ্ট্রের সংস্কৃতিমন্ত্রী আশীষ শেলার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ সিদ্ধান্তের কথা জানান। মারাঠি নাট্যচর্চা এবং মারাঠি ও হিন্দি চলচ্চিত্রে নানা পাটেকরের দীর্ঘ ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এই রাষ্ট্রীয় সম্মান দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
মহারাষ্ট্রের ইয়েওলার সাধারণ পরিবেশ থেকে উঠে আসা নানা পাটেকরের শিল্পীজীবনের শুরুটা ছিল সংগ্রামময়। অভিনয়ের প্রতি গভীর নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি প্রথমে মারাঠি নাট্যজগতে নিজের অবস্থান তৈরি করেন। পরে হিন্দি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন।
জানা গেছে, বৃহস্পতিবার গোয়া থেকে তাঁর মরদেহ পুনেতে নেওয়া হবে। সেখানে ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হবে। এরপর পুনের ডোঞ্জেতে অবস্থিত তাঁর খামারবাড়িতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করার কথা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে গোয়ার নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হন নানা পাটেকর। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত আর তাঁকে ফেরানো সম্ভব হয়নি।
প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে পরিন্দা, ক্রান্তিবীর, তিরঙ্গা, খামোশি: দ্য মিউজিক্যাল ও ওয়েলকামসহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন নানা পাটেকর। বিভিন্ন ধরনের চরিত্রে তাঁর শক্তিশালী অভিনয় দর্শকদের কাছে তাঁকে স্বতন্ত্র মর্যাদা এনে দেয়।
অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মানে ভূষিত হয়েছেন তিনি। ২০১৩ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।
নানা পাটেকরের প্রয়াণে ভারতীয় চলচ্চিত্রে এক বর্ণময় ও দীর্ঘ অভিনয় অধ্যায়ের অবসান ঘটল।

নানা পাটেকর, রাষ্ট্রীয় মর্যাদা, মহারাষ্ট্র