ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উপলক্ষে ৮ অক্টোবর সকাল ১০টায় খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে এবং সাইট সেভার্স, অরবিস ইন্টারন্যাশনাল ও দি ফ্রেন্ড হলোজ ফাউন্ডেশনের সহযোগিতায় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা-যশোর মহাসড়কে র্যালিটি প্রদক্ষিণ শেষে হাসপাতালের অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. রফিকুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ মোশতাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শওকত আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের ট্রেজারার হারুন অর রশিদ, সদস্য ড. মোস্তফা কামাল, এস এ রহমান বাবুল, প্রফেসর ডা. মোশতাক হোসেন, হাসপাতালের পরিচালক ডা. শীতার্ত চন্দ্র ব্যানার্জি, সিনিয়র কনসালটেন্ট ডা. মিজানুর রহমান নাসিমসহ সহযোগীদাতা সংস্থার প্রতিনিধি বনফুল চুমকি, মোহাম্মদ আমিনুর রহমান ও মো. কামরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দৃষ্টিশক্তি রক্ষা ও অন্ধত্ব প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চক্ষু চিকিৎসা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, দাতা সংস্থা এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ একান্ত প্রয়োজন।
উল্লেখ্য, ১৯৭৬ সালে মাত্র ২৫ শয্যা নিয়ে প্রতিষ্ঠিত খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল দীর্ঘ ৫০ বছরের পথপরিক্রমা অতিক্রম করে বর্তমানে অত্যন্ত সুনামের সাথে ৯২ শয্যার একটি বিশেষায়িত চক্ষু হাসপাতালে রূপ নিয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৬০০ রোগী বহির্বিভাগে সেবা গ্রহণ করছেন এবং বছরে প্রায় ২০ হাজার চক্ষু অপারেশন সম্পন্ন হচ্ছে। চলতি বছরে অপারেশনের সংখ্যা ২৫ হাজারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।