‘ঘোর আঁধারে পথ দেখাবে আগুনের নিশান’-উদীচী ঢাকা মহানগরের চতুর্দশ সম্মেলন ৯ অক্টোবর

  • ইকবালুল হক খান
  • ২০২৬-১০-০৮ ০৯:৫৬:৪০
image

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, ঢাকা মহানগর সংসদের চতুর্দশ ঢাকা মহানগর সম্মেলন আগামী ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘ঘোর আঁধারে পথ দেখাবে আগুনের নিশান’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করবেন বিশিষ্ট বাউলশিল্পী আবুল সরকার মহারাজ।
আগামীকাল শুক্রবার সকাল ১০টায় শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চের পার্শ্বচত্বরে (বটগাছ সংলগ্ন) জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হবে। উদ্বোধনী পর্বে ঢাকা মহানগর সংসদের সংগীত বিভাগের পরিবেশনায় গণসংগীত পরিবেশিত হবে। এরপর সকাল ১১টায় শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে বারডেম হাসপাতাল, পল্টন মোড়, বিজয়নগর ও সেগুনবাগিচা বাজার প্রদক্ষিণ করে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে নাস্তা গ্রহণ ও আলোচনা পর্ব অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই আলোচনা সভায় ঢাকা মহানগর সংসদের আহ্বায়ক ইকবালুল হক খানের সভাপতিত্বে এবং আরিফ নূরের সঞ্চালনায় দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে থাকবেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী আব্দুল ওয়াদুদ, সিপিবির প্রেসিডিয়াম সদস্য রাগিব আহসান মুন্না, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, ঢাকা বিভাগ-১ এর আহ্বায়ক ইকরামুল কবির ইল্টু, বাংলা নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাজু আহমেদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহসভাপতি কামরুজ্জামান ভূঁইয়া, বাংলাদেশ থিয়েটারের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম, গণসংগীত শিল্পী আমিরুন নুজহাহ মনীষা, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চঞ্চলসহ অন্যান্যরা। আলোচনা পর্ব শেষে অতিথিদের শুভেচ্ছা স্মারক দিয়ে বরণ করে নেওয়া হবে।
দুপুর আড়াইটায় শুরু হবে সাংগঠনিক অধিবেশন, যা চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। দিনব্যাপী এই আয়োজনের সমাপনী পর্বে সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মৌমিতা জান্নাতের সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। এতে উত্তরা ও সাভার শাখার দলীয় সংগীত, ঢাকা মহানগর সংসদের দলীয় সংগীত ও আবৃত্তি, আমন্ত্রিত শিল্পী মুসা কলিম, মায়েশা সুলতানা উর্বী, সজীব তানভীর, রবিউল ইসলাম শশী ও শুভ্র সৌরভের একক পরিবেশনা এবং আলী হোসেন ও আলমগীর সরকারের পরিবেশনায় বাউল গান পরিবেশিত হবে।
বর্তমান সমাজের নানামুখী সংকট, সাম্প্রদায়িকতা ও মৌলবাদী অপতৎপরতার বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলার এই আয়োজনে দেশের সকল গণমাধ্যমের সাংবাদিক, সংবাদকর্মী এবং সংস্কৃতিপ্রেমী জনগণকে সসম্মানে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে।