গোমস্তাপুরে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলায় ইউএনও’র গাড়িতে পাথর নিক্ষেপ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১০-০৮ ০৯:৫০:৩০
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় রেলওয়ের মালিকানাধীন স্থানের  অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে বলার পর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জিল্লুর রহমানের গাড়ির উপর পার্থ ছুঁড়ে হামলা হয়েছে। তবে এ ঘটনায় ইউএনও অক্ষত  অবস্থায়  রক্ষা পেয়েছেন। ওই অবৈধ দখলদারদের একাংশের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন ইউএনও এবং স্থানীয় ব্যবসায়ীরা।
জানা গেছে, গত মঙ্গলবার (৬অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রহনপুর পৌর কেডিসিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রহনপুর ষ্টেশন সংলগ্ন রেলওয়ের  জমিতে গড়ে ওঠা বস্তি এলাকাটি জেলায় মাদকের অন্যতম প্রধান স্পট বলে চিহ্নিত।
বুধবার(৭ অক্টোবর) রাতে ইউএনও বলেন, ওই এলাকা পূর্বেও একবার  উচ্ছেদ করা হয়েছিল। এবার পার্কিং নির্মাণ ও মাদকমুক্ত করতে উচ্ছেদ পরিকল্পনা করা হয়।  এ ব্যাপারে স্থানীয় কিছু ব্যবসায়ী কাজ করছেন। মঙ্গলবার বিকাল থেকে তাঁরা  ওই স্পটে যাবার জন্য ডাকলেও  রাত সাড়ে ৯টার দিকে সেখানে গেলে ব্যবসায়ীদের সাথে দখলদারদের উত্তেজনা বৃদ্ধি পায়। এ  সময় দখলদারদের হামলায় এক ব্যবসায়ী আহত হন। এ সময় তাঁর গাড়িতে পাথর এসে পড়ে। এ ঘটনার ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
রহনপুর ষ্টেশনবাজার আম আড়তদার সমিতি সাধারন সম্পাদক বলেন, এলাকার বিভিন্ন ব্যবসায়ী সংগঠন মিলে মাদক নির্মূল কমিটি করা হয়েছে। মঙ্গলবার দিনভর উত্তেজনার পর রাতে ইউএনও আসলে হামলা করে মাদক সংশ্লিস্টরা। তাদের হামলায় নারীসহ ৭ জন আহত হয়। দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্থ হয়। আড়তদার সমিতি অফিস থেকে টাকাও লুট হয়। এ ঘটনায়  পুলিশে অভিযোগ করা হবে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল হক বলেন, বুধবার দুপুরেও তিনি ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এলাকায় উত্তেজনা থাকলেও নতুন করে  কিছু ঘটে নি। মঙ্গলবার রাতের ঘটনার ব্যাপারে কোন পক্ষের অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।