সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৬-১০-০৭ ১৮:৫২:৪১
image

সাতক্ষীরা : সাতক্ষীরায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ এবং বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি হল রুমে রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সর্বমোট ৫০ জন শিক্ষার্থীর হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
রোটারিয়ান নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, "শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার। অর্থাভাব যেন কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনায় বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে সমাজের সবাইকে নজর দিতে হবে। রোটারী ক্লাব অব সাতক্ষীরার এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই শিক্ষা উপকরণগুলো শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি উৎসাহিত করবে এবং তাদের ভবিষ্যৎ গড়তে সহায়ক ভূমিকা পালন করবে। দেশের উন্নয়নে সমাজের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানাই।"
রোটারী ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট রোটারিয়ান আখতারুজ্জামান কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান সিএম নাজমুল ইসলাম, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান হাবিবুর রহমান হবি, রোটারিয়ান মো. আশরাফুল করিম ধনী, রোটারিয়ান মো. মাগফুর রহমান, রোটারিয়ান ফারহা দীবা খান সাথী, রোটারিয়ান মশিউর রহমান বাবু, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান কামরুজ্জামান রাসেল, সাবেক সেক্রেটারি রোটারিয়ান এসএম মিজানুর রহমান, সার্জেন্ট অব আর্মস রোটারিয়ান নাসিমা খাতুন, রোটারিয়ান মো. গোলাম রসুল ও রোটারিয়ান তারিনা তাজরিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা রোটারী ক্লাবের মানবিক ও সামাজিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। পরবর্তীতে অতিথিবৃন্দ উপস্থিত শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ব্যাগ, খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন। নতুন শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দের আমেজ লক্ষ্য করা গেছে।