হো স নে য়া রা বে গ ম

  • ডেকেছি তোমায়
  • ২০২৬-১০-০৫ ১৯:৪১:০০
image

কতদিন  কতবার ডেকেছি তোমায়
জীবনের এই অনন্ত অভিযাত্রায় 
কোন কোন বর্ষণমুখর সন্ধ্যায়
সবুজে শিশিরে আলোক প্রাতে 
তোমাকে ছুঁয়ে দেবার সেই
জন্ম জন্মান্তরের সুতীব্র বাসনায়।
জীবন মৃত্যুর ব্যাবধান ভুলে
কতবার বল কতবার চেয়েছি তোমায়
 প্রেমে অপ্রেমে দহন পীড়নে বিরহ বেদনায়।
বিশ্বাস অবিশ্বাসের প্রবল বৈরী হাওয়ায়
প্রস্তর পাহাড়ী পথ খরস্রোতা নদী মোহনায়
কারণে অকারণে কেবলই চেয়েছি তোমায় 
দু:খ সুখের পালাবদলে সমুদ্র স্নানে
সুরে ছন্দে কবিতা-গানে
অতীত বর্তমান ভবিষ্যৎ 
ঊর্ধ্বে অধ্বে ঈশান নৈঋত 
সর্বত্র -সবখানে
শুধুই চেয়েছি মনে প্রাণে।
আকর্ষণ মহাকার্ষণ পিছনে  ফেলে
সহস্র আলোকবর্ষ পথ ছুটেছি
খুঁজেছি তোমায় মহাকাশ ব্লাকহোলে
ডেকেছি জীবনের জয়গানে।