প্রাণীর নিরাপদ জীবন নিশ্চিতের আহ্বানে আজ বিশ্ব প্রাণী দিবস

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-১০-০৪ ১০:৫৫:৪২
image

প্রাণীর প্রতি মানুষের দায়িত্বশীল আচরণ, তাদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে আজ রোববার পালিত হচ্ছে বিশ্ব প্রাণী দিবস। প্রতিবছর ৪ অক্টোবর বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। প্রাণীদের নিরাপদ ও স্বাভাবিক জীবন এবং মানুষ ও প্রাণীর সহাবস্থানের গুরুত্ব তুলে ধরাই এ দিবসের মূল উদ্দেশ্য।
গৃহপালিত প্রাণী থেকে শুরু করে বন্যপ্রাণী-প্রতিটি প্রাণীরই নিরাপদ পরিবেশে বেঁচে থাকার অধিকার রয়েছে। প্রাণীর প্রতি নির্যাতন, নিষ্ঠুরতা ও অবহেলা বন্ধে জনসচেতনতা গড়ে তোলার পাশাপাশি তাদের কল্যাণে ব্যক্তি ও সামাজিক দায়িত্ববোধ বাড়ানোর বার্তাও দেওয়া হয় এ দিনে।
প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রাণীর ভূমিকা অপরিসীম। খাদ্যশৃঙ্খলা, পরাগায়ন, বীজের বিস্তারসহ বাস্তুতন্ত্রের নানা গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় বিভিন্ন প্রাণী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রাখে। কোনো একটি প্রজাতির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়া কিংবা বিলুপ্ত হয়ে গেলে তার প্রভাব শুধু ওই প্রাণীর মধ্যেই সীমাবদ্ধ থাকে না; পুরো বাস্তুতন্ত্রে এর বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে।
তবে দ্রুত নগরায়ন, বন উজাড়, আবাসস্থল ধ্বংস, পরিবেশদূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বহু প্রাণী অস্তিত্বের সংকটে পড়েছে। এর পাশাপাশি শহর ও সড়কে বিচরণকারী প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা, নির্যাতন ও অবহেলাও উদ্বেগ বাড়াচ্ছে। ফলে প্রাণীর প্রতি মানবিক আচরণ এবং তাদের প্রাকৃতিক আবাসস্থল রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে।
বিশ্ব প্রাণী দিবস তাই কেবল একটি আনুষ্ঠানিক দিবস নয়; এটি মানুষকে প্রকৃতি ও অন্যান্য প্রাণীর সঙ্গে নিজের সম্পর্ক নতুন করে ভাবার সুযোগ করে দেয়। প্রাণীর প্রতি সহমর্মিতা, দায়িত্বশীল আচরণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের চর্চা ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়েও বিস্তৃত করার আহ্বান জানায় দিনটি।
ইতিহাস অনুযায়ী, প্রাণী সুরক্ষার বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে জার্মান লেখক হেনরিক জিম্মারমেন ১৯২৫ সালের ২৪ মার্চ বার্লিন স্পোর্টস প্যালেসে প্রথম বিশ্ব প্রাণী দিবস পালন করেন। পরে ১৯২৯ সাল থেকে ৪ অক্টোবর দিবসটি পালনের প্রচলন শুরু হয়। ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রাণী সুরক্ষা কংগ্রেসে ৪ অক্টোবরকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
প্রাণীর প্রতি ভালোবাসা ও সহমর্মিতা শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের আবাসস্থল রক্ষা, নির্যাতন বন্ধ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে নিয়মিত দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বানই আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা।

বিশ্ব প্রাণী দিবস, প্রাণী কল্যাণ, জীববৈচিত্র্য