সেপ্টেম্বরে ডেঙ্গুতে সর্বোচ্চ প্রাণহানি,এক দিনে হাসপাতালে ১,৯৭৮

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-১০-০১ ২২:৩৮:২৯
image

দেশে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন চারজনের মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৪৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ বছরের মধ্যে সেপ্টেম্বরেই ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। ওই মাসে প্রাণ হারিয়েছেন ১৫২ জন।
এর আগে আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মারা যান দুজন করে।
গত এক দিনে ১ হাজার ৯৭৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮১ হাজার ৫৯৮ জন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৮০৯ জন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ হাজার ৬৯৯ জন।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন রোগীর সংখ্যা ৬৮৪ জন। এরপর চট্টগ্রাম বিভাগে ৩৫৮, বরিশালে ২৬০, খুলনায় ২৫৬ এবং রাজশাহীতে ২০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া রংপুর বিভাগে ১০১ জন, ময়মনসিংহে ৯৪ জন এবং সিলেটে ১১ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে প্রাণহানি ও আক্রান্তের চাপ বাড়ার চিত্র উঠে এসেছে। চলমান পরিস্থিতিতে হাসপাতালগুলোতে রোগীর চাপও ক্রমশ বাড়ছে।

ডেঙ্গু,প্রাণহানি,হাসপাতালে ভর্তি