গ্যাসের দাম বৃদ্ধিঃজনগণের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টির সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনার আহ্বান

  • ওমর ফারুক রিপন
  • ২০২৬-১০-০১ ১৯:১৪:০১
image

গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কলমাকান্দা উপজেলা শাখা।
এক যৌথ বিবৃতিতে কলমাকান্দা উপজেলা এনসিপির আহ্বায়ক নজরুল ইসলাম ও সদস্য সচিব আহমদ শফী বলেন, “দেশের সাধারণ মানুষ যখন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমূল্য, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং নানা ধরনের অর্থনৈতিক সংকটে জর্জরিত, ঠিক সেই সময়ে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনের ওপর নতুন করে চাপ সৃষ্টি করবে। আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
তারা বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধি শুধু গৃহস্থালি পর্যায়েই সীমাবদ্ধ থাকবে না; এর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়বে শিল্প, ব্যবসা-বাণিজ্য, পরিবহন, উৎপাদন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। ফলে এর বোঝা শেষ পর্যন্ত সাধারণ জনগণের ওপরই বর্তাবে।
নেতৃবৃন্দ বলেন, জনগণের ওপর একের পর এক বাড়তি ব্যয়ের বোঝা চাপিয়ে কোনো টেকসই অর্থনৈতিক সমাধান সম্ভব নয়। রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, অপচয় ও অনিয়ম বন্ধ, জ্বালানি খাতের দক্ষতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে সংকট মোকাবিলার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তারা আরও বলেন, জনগণের স্বার্থ উপেক্ষা করে নেওয়া কোনো সিদ্ধান্তই গ্রহণযোগ্য হতে পারে না। গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনা করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও জীবনযাত্রার বাস্তবতা বিবেচনায় নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।
কলমাকান্দা উপজেলা এনসিপির নেতৃবৃন্দ বলেন, জনগণের অধিকার, স্বার্থ ও ন্যায্য দাবির প্রশ্নে জাতীয় নাগরিক পার্টি সবসময় জনগণের পাশে থাকবে। গণমানুষের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করে এমন যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সাংবিধানিক উপায়ে জনমত গড়ে তোলা হবে।