তাইওয়ান পুনরেকত্রীকরণের প্রচেষ্টা জোরদারের আহ্বান শি জিনপিংয়ের

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-১০-০১ ০৭:৪২:৪১
image

তাইওয়ানের সঙ্গে চীনের পুনরেকত্রীকরণের লক্ষ্যে চলমান প্রচেষ্টা আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। জাতীয় দিবসের প্রাক্কালে বুধবার বেইজিংয়ে দেওয়া এক ভাষণে তিনি তাইওয়ান ইস্যুতে বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা এবং স্বাধীনতার পক্ষের বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
চীনের গণপ্রজাতন্ত্রী প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে গ্রেট হল অব দ্য পিপলে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভাষণে শি বলেন, তাইওয়ান প্রণালির দুই তীরের মানুষের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দুই পক্ষের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়ন অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে জাতীয় পুনরেকত্রীকরণের লক্ষ্য বাস্তবায়নে অগ্রসর হওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে চীন। বেইজিং দীর্ঘদিন ধরে বলে আসছে, দ্বীপটির সঙ্গে পুনরেকত্রীকরণ তাদের জাতীয় লক্ষ্য। একই সঙ্গে প্রয়োজনে শক্তি প্রয়োগের পথ খোলা রাখার নীতিও চীন বজায় রেখেছে। অন্যদিকে তাইওয়ান নিজস্ব সরকার ও গণতান্ত্রিক ব্যবস্থা পরিচালনা করে এবং বেইজিংয়ের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে।
শির বক্তব্যটি এমন এক সময়ে এলো, যখন গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি। চীনা পক্ষের বিবরণ অনুযায়ী, ওই আলোচনায় তাইওয়ান প্রশ্নে যুক্তরাষ্ট্রকে সতর্কতার সঙ্গে অবস্থান নেওয়ার কথাও বলেন শি।
তাইওয়ানের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সহযোগী ও অস্ত্র সরবরাহকারী দেশ। তবে সাম্প্রতিক সময়ে তাইওয়ানের জন্য প্রায় ১ হাজার ৪০০ কোটি ডলারের অস্ত্র সরবরাহের একটি প্রস্তাব স্থগিত রাখা হয়েছে। মে মাসে ট্রাম্প চীনের সঙ্গে আলোচনায় এ অস্ত্র বিক্রির বিষয়টিকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে উল্লেখ করেছিলেন।
১৯৪৯ সালের ১ অক্টোবর দীর্ঘ গৃহযুদ্ধের পর কমিউনিস্ট বাহিনী জাতীয়তাবাদী কুওমিনতাং বাহিনীকে পরাজিত করলে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয়। পরাজিত কুওমিনতাং সরকার তাইওয়ানে চলে যায়। সেই সময় থেকেই চীন ও তাইওয়ানের মধ্যে রাজনৈতিক বিরোধ অব্যাহত রয়েছে।
ভাষণে তাইওয়ান ছাড়াও চীনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন শি। তিনি বলেন, জটিল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে দেশের উন্নয়নের নতুন কাঠামো গড়ে তোলার কাজ আরও দ্রুত এগিয়ে নিতে হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের স্বাধীন পররাষ্ট্রনীতিতে অটল থেকে পরিবর্তন ও অস্থিরতায় জর্জরিত বিশ্বে স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তি বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। 

শি জিনপিং,তাইওয়ান,পুনরেকত্রীকরণ