দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বিশেষ বৈঠক

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৯-৩০ ২০:৫৮:১৪
image

বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার ১১টি দেশে দায়িত্ব পালনরত মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের নিয়ে দিল্লিতে বিশেষ আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত এ বৈঠকে অঞ্চলটির কূটনৈতিক যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়।
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের আমন্ত্রণে আয়োজিত সম্মেলনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানরা অংশ নেন।
ওয়াশিংটন থেকে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রাষ্ট্রদূতদের উদ্দেশে বক্তব্য দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি জানান, সংশ্লিষ্ট দেশগুলোতে দায়িত্ব পালনরত মার্কিন কূটনীতিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়েছে।
এ সম্মেলনের পাশাপাশি মধ্য এশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের উদ্যোগও সামনে এসেছে। কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, আগামী অক্টোবরের মাঝামাঝি শতাধিক মার্কিন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে উজবেকিস্তান সফরের পরিকল্পনা রয়েছে মার্কো রুবিওর।
সফরের সময় ঐতিহাসিক সমরকন্দ শহরে সি৫+১ জোটের মন্ত্রীপর্যায়ের বিশেষ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। এতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন বলে জানা গেছে।
দিল্লির সম্মেলনে দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলোতে দায়িত্ব পালনরত মার্কিন কূটনীতিকদের একত্রিত করা এবং এরপর মধ্য এশিয়ায় উচ্চপর্যায়ের সফরের কর্মসূচি অঞ্চলটির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও অর্থনৈতিক যোগাযোগকে নতুন গুরুত্ব দেওয়ার ইঙ্গিত দিচ্ছে।

দিল্লি সম্মেলন, মার্কিন কূটনীতি, আঞ্চলিক সহযোগিতা