চাঁপাইনবাবগঞ্জে অজ্ঞাত ব্যাক্তিদের ছুরিকাঘাতে যুবক খুন,আটক ১

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৯-৩০ ১৫:৫৯:৪৫
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর  উপজেলায় অজ্ঞাত ব্যাক্তিদের ছুরিকাঘাতে মিজানুর রহমান(২২) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি চরঅনুপনগর ইউনিয়নের অনুপনগর মোল্লাপাড়া গ্রামের মৃত  শফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায়  জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
 স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে (৩০ সেপ্টেম্বর,বুধবার) বাড়ি থেকে প্রায় দুইশ গজ দূরে দশরশি নামক এলাকায় নাইস নামে একটি ইটভাটায় মিজানকে খুন করে ফেলে রাখা হয়।  বুধবার সকাল ৬ টার দিকে স্থানীয়রা ভাটায় চিমনির পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উর্দ্ধা করে সকাল সাড়ে ১১টার দিকে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। ওই ভাটায় মাদক সেবন করা হয় বলেও  সূত্রগুলি জানায়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, মিজানের কপাল ও পিঠে ধারল  অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ।
সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান এস আব্দুল বাদী বলেন,  নিহত যুবকের মাদক সংশ্লিস্টতা ছিল বলে শোনা গেছে। রাত ১২টার দিকে তাঁকে বাড়ি থেকে  মোবাইলে ফোন করে ডেকে নেয়া হয় বলে জানা গেছে। সংশ্লিস্ট ইউপি সদস্য মফিজ  উদ্দিন এবং গ্রাম পুলিশ মঞ্জুর আলীও  নিহত  যুবকের মাদক সংশ্লিস্টতার কথা  জানান। তাঁরা  নিহতের স্ত্রীর বরাতে বলেন, ওই যুবককে ফোন করে ডেকে নেয়া হয়। রাত ২টার পরেই তাঁকে খুন করা হয়। কিন্তু মাদক সংক্রান্ত কোন কারণে না অন্য কোন কারণে  তাঁকে খুন করা হয় তা নিশ্চিত করতে পারেন নি কেউ।