ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনার খানজাহান আলী থানাধীন যোগীপোল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের প্রবীণ বাসিন্দা,জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আব্দুল গণি'র নামাজে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জোহরবাদ খানজাহান আলী থানাধীন ঐতিহ্যবাহী শিরোমনি শহীদ মিনার চত্বরে ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে স্থানীয় খানজাহান আলী থানার একটি চৌকস পুলিশ দল মরহুমের রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান পূর্বক নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শিরোমনি শহীদ মিনার চত্বরে আয়োজিত জানাজার নামাজে এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।