সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)'র সভাপতি এম এ আলীম সরকার বলেন, আমরা শনিবার জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কার্যালয়ে বর্ধিত সভা চলাকালীন সময়ে হামলা এবং নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা, নেতাকর্মীদের হয়রানি ও গ্রেফতার কোনোভাবেই গণতান্ত্রিক রাষ্ট্রের আচরণ হতে পারে না। এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড গণতান্ত্রিক অধিকার হরণ এবং গণতন্ত্র ধ্বংসের একটি চলমান প্রক্রিয়ারই বহিঃপ্রকাশ।
এম এ আলীম সরকার আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু মতপ্রকাশের অধিকার, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং সংগঠনের স্বাধীনতা দমন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। ভিন্নমত দমন নয়, বরং মতপ্রকাশ ও রাজনৈতিক কর্মকাণ্ডের নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব। হামলা ও গ্রেফতারের মাধ্যমে রাজনৈতিক বিরোধীদের দমন করার প্রবণতা অবিলম্বে বন্ধ করতে হবে।