না জ মা বে গ ম না জু

  • রোদের আকাশ পাড়ি
  • ২০২৬-০৯-২৮ ১২:১৬:১০
image

এই তো আমার স্বজন বুকের মাটি
এখানে ভোর, রোদের আকাশ পাড়ি
রোদের পাখি বুকের ভেতর জনম ডাকাডাকি।

দিন এলিয়ে রোদের ক্ষয়ে যাওয়া
ভালবাসার পরাগ ঢালা সকাল দুপুর সাঁঝ,
অটল সবুজ পাতার ফাঁকে জোছনা বিরান মাঠ।

মাঠের পাশে দুর কোনো এক গেঁয়ো নদী-
এইতো আমার নাও ভেড়ানো মাঝি
উজানী ঢেউ বুকের মাঝে জলের মাতামাতি।
এই তো সাগর গহীন অতল আকাশ পাড়ে উছলে ওঠা, 
স্বদেশ প্রেমী অজর জলোচ্ছ্বাস।

সাগর অদুর বালু বেলায় জন্মভূমির আদুরে রং- রঙে আঁকা লাউয়ের মাচা -
লাউয়ের ডগায় বিষাদ চুড়ির রংচটা সুর কাঁদে
এই তো আমার জনম জনম চাঁদের সুবাস আগলে রাখা সর্বজয়া মা।

এই তো আমার নদীর কিনার কলমি লতা
কাদা মাটির ঘ্রান
শ্রেষ্ঠ বেলা শিশুদিনের বাবুই বোনা খড়।

এই তো আমার উঠোন ভরা দীঘল বাঁশের ছায়া, 
মাটির দেয়াল, পাখি ছোঁয়া নীল।
এই তো শয়ন গন্ধে ধানের, 
শীতল পাটি জন্মভূমির হৃদয় গহীন সোঁদা মাটির শ্বাস।

এই তো আমার স্বজন আপন বুকের ঢালা
রক্ত নহর,
রক্তে ভেজা স্বদেশ মাটি, 
কালজয়ী সব বীরপুরুষের বিজয় গাঁথার মুখর জয়গান।
----------
মাগো তুমি অনন্ত কাল ভাল থেকো মা-
বিশ্ব তোমায় জানুক তুমি হেরে যাওয়ার না।