মো বা র ক হো সে ন

  • এই কবিতা
  • ২০২৬-০৯-২৮ ১২:১২:৩৬
image

সাত সমুদ্র তের নদী-
এই কবিতার ব্যাস পরিধি। 
সৃষ্টি সীমায় অসীম আকাশ
অসীম যেমন দয়াল নিধি।

এই কবিতা চন্দ্র তারায়
ছন্দ কথা সুরের ধারায়।
ঘাস ফড়িঙে ঊষার আলো
ফুল-পাখিদের রঙ্গমেলায়।

এই কবিতা বিশ্বব্যাপী 
প্রকৃতির রূপ নেই যে মাপি।
পাহাড় পর্বত অরণ্যাদি
সবার ওপর যায় গো ঝাঁপি।

এই কবিতা দখিন হাওয়া
ফাগুন-চৈত্রে পাখির গাওয়া।
বাঁশের বাঁশি সুরের জাদু
রাধাকৃষ্ণের পরম পাওয়া।

এই কবিতা জ্ঞানী-গুণীর
সাধক, কবি, ঋষি মুনির।
প্রাণে প্রাণে ছড়ায় আলো
অমানিশায় হলে বধির।

এই কবিতা বাংলা ভাষায়
সুখে-দুখে কাঁদায় হাসায়। 
এই কবিতা পড়ুক সবাই
বাঁচুক রঙিন স্বপ্ন আশায়।