ডুমুরিয়ায় বিআরডিভি কর্মকর্তার হুমকিতে কর্মচারীরা ক্ষিপ্ত

  • খান মহিদুল ইসলাম,
  • ২০২৩-০৯-২৬ ২২:১৭:৩৪
image

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার রুদ্র ব্যবহার,  অর্থ বাণিজ্য ও চাকুরিচ্যুত'র হুমকিতে অতিষ্ঠ হয়ে মঙ্গলবার তার বিরুদ্ধে অফিসের কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে পড়েছে।
 এ ছাড়া ৯জন কর্মচারী পৃথকভাবে অভিযোগ দায়ের করেছেন, খুলনার উপ-পরিচালক বরাবর।
ডুমুরিয়া উপজেলা অফিস কার্যালয়ে কর্মরত পরিদর্শক মোঃ শাহাজালাল মোড়ল, সৈয়দ মশিউর রহমান,রথিন তরফদার,মাঠ সহকারী তাপস কুমার রাহা,গ্রাম সংগঠক বাহারুল ইসলাম, আতিয়ার রহমান,মাঠ সংগঠক শিল্পী খাতুন,লাকী ও ডলি রায়ের দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়,২০২২ সালের ডিসেম্বরে হাসান ইমাম উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে বিভিন্ন বিষয়াদি নিয়ে অফিস স্ট্যাফদের সাথে কারণে অকারণে রুদ্র ব্যবহার করে আসছে। তিনি একজন অর্থলোভী এমনটি উল্লেখ করে শাহাজালাল মোড়ল তার লিখিত অভিযোগে বলেন সিবিডিবি সমিতি গঠনের নামে প্রত্যেক সদস্যের নিকট থেকে চারশো টাকা সমিতি নিবন্ধনের জন্য পাঁচ হাজার টাকা হারে তাকে দিয়ে উত্তোলন কৃত টাকা থেকে বাইশ হাজার টাকা নিয়ে নেন। রথিন তরফদারের সিবিডিপি এর দায়িত্ব ভাতা উত্তোলন কৃত চব্বিশ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা জোর করে নিয়ে নেন। অনুরূপভাবে বিভিন্ন কর্মচারী লিখিত অভিযোগ দায়েরের পর থেকে তিনি ক্ষিপ্ত হয়ে চাকুরীচ্যুত'র হুমকি, অফিসে ঢুকতে না দেয়া ও হাজিরা খাতায় স্বাক্ষর করতে দিচ্ছে না,খাতায় অনুপস্থিত এমনটি অভিযোগ করেন আবেদনকারিরা। এছাড়াও বিভিন্ন খাতে আর্থিক অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অবিলম্ব তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে সকল প্রকল্প ধ্বংস হবে। এমনটি উল্লেখ করা হয়েছে সকলের অভিযোগে। এর পরিপেক্ষিতে মঙ্গলবার সকাল ১০টায় অফিসের সকল কর্মচারী এক হয়ে এসবের কারণ ও সমিতির টাকা ফেরত চেয়ে তাকে চাপ সৃষ্টি করেন। দিশামিশা না পেয়ে ওই কর্মকর্তা উপজেলা চেয়ারম্যান ও ইউএনওকে মোবাইল করেন। পরে উপজেলার চেয়ারম্যান এজাজ আহমেদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ প্রসঙ্গে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হাসান ইমাম বলেন, অফিসের কাজের জন্য চাপ দিলে তারা সংঘবদ্ধ হয়ে আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত অসত্য অভিযোগ দায়ের করেন।