কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার আশ্রয়ণ প্রকল্পে একটি দল মসজিদ নির্মাণে সহযোগিতা চেয়েছেন স্থানীয় বাসিন্দারা। আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী মুসল্লিদের নামাজ আদায়ের জন্য প্রায় দুই কিলোমিটার দূরে যেতে হয়। এ ছাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় নিকটবর্তী মসজিদ না থাকায় সেখানে আজানের আওয়াজও শোনা যায় না বলে জানিয়েছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী বয়স্ক ব্যক্তি, শিশু ও অসুস্থদের জন্য দূরের মসজিদে গিয়ে নামাজ আদায় করা কষ্টকর। এ কারণে প্রকল্প এলাকায় একটি মসজিদ নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। স্থানীয়দের উদ্যোগে এরই মধ্যে মসজিদ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তবে মসজিদ নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ ও নির্মাণসামগ্রী সংগ্রহ করতে না পারায় সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, প্রবাসী ও দানশীল ব্যক্তিদের সহযোগিতা চেয়েছেন উদ্যোক্তারা।
মসজিদ নির্মাণের উদ্যোগের সঙ্গে একমত পোষণ করেছেন ঝিমংখালী ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবির আহমদ এবং হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল। তাঁরা স্থানীয়দের এ উদ্যোগে সহযোগিতার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।
মসজিদ নির্মাণের উদ্যোগের সঙ্গে রয়েছেন শামসুল আলম, ওয়াজেদ, নুর আলী, জমিল, আবদুল আজিজ, ইদ্রিস, ফরিদ আলম, ইউনুস, আবদুল হাকিম ও শামসু।
উদ্যোক্তারা জানান, মসজিদটি নির্মিত হলে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের নামাজ আদায়ের সুবিধা হবে। পাশাপাশি শিশু-কিশোরদের ধর্মীয় শিক্ষা এবং স্থানীয় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে।
মসজিদ নির্মাণে অর্থ ও প্রয়োজনীয় নির্মাণসামগ্রী দিয়ে সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের আশা, সম্মিলিত সহযোগিতায় মিনাবাজার আশ্রয়ণ প্রকল্পে মসজিদ নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হবে।