জাবির উপাচার্য পদে পরিবর্তন,দায়িত্ব পেলেন নূরুল ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০৯-২৬ ২২:০৩:২৬
image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
শনিবার ২৬ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন দুটিতে বলা হয়েছে, জনস্বার্থে এসব আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে উপাচার্যের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে দর্শন বিভাগের অধ্যাপক হিসেবে তাঁর মূল পদে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে। ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
অন্যদিকে অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(১) ধারা অনুযায়ী তাঁর এই নিয়োগ কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের দিন থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ-যেটি আগে হবে, সে সময় পর্যন্ত অধ্যাপক নূরুল ইসলাম উপাচার্যের দায়িত্ব পালন করবেন। এ সময়ে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্যকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

জাহাঙ্গীরনগর, উপাচার্য, নূরুল ইসলাম