চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জর শিবগঞ্জ উপজেলায় মাছ চাষের হাউসে নেমে বিদ্যূৎস্পৃষ্টে আব্দুর রহমান ওরফে পিনাস (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনি শংকরমাবিয়া গ্রামের মৃত বাইরুল ইসলামের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার(২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বাড়ির পাশে মাছ চাষের জন্য নির্মিত একটি হাউসে বিদ্যূৎ সংযোগ দেবার জন্য হাউসের ভেতরে নামেন পিনাস। এ সময় তিনি অসাবধানতাবশত: বিদ্যূৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে হাউস থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।