মোঃ ব দ রু ল ই স লা ম

  • ইচ্ছে-পূরণ
  • ২০২৬-০৯-২৬ ০৯:৪২:০৫
image

কত স্বপ্নকেই তো আঁতুড়ঘরে গলা টিপে মেরেছি
কত সাধ-আশা দু’পায়ে মাড়িয়ে এসেছি-
তার হিসাব রাখিনি।

সীমাবদ্ধতার অজুহাতে কিছু ইচ্ছে প্রকাশ করিনি
কিন্তু মনে সবসময় সে ইচ্ছেরা আঁকুপাঁকু করে
বিদ্রোহ করে আমার বিপক্ষে,
বোঝালেও বোঝে না-  এমনই দামাল তারা।

যখন স্মৃতি হাতড়ে কাউকে খুঁজে ফিরি
কিংবা দাঁড়িয়ে থাকি বিমর্ষ সময়ের সিঁড়িতে
ইচ্ছেরা দীর্ঘশ্বাস ফেলে অপ্রাপ্তির বেদনায়।

অপূর্ণতাও আলুথালু এই জীবনের অংশ ভেবে
চিন্তিত নই - হলেও হই না কখনো আশাহত,
হয়তো অপূরণীয় ইচ্ছেগুলোই প্রমাণ করবে
জীবন শুধু এক সাফল্য-গাথা নয়,
পরাজয় আছে বলেইতো জয় এত আনন্দের
অপ্রাপ্তিও হতে পারে ইচ্ছে-পূরণের কার্যকারণ।