চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ক্রেতা সেজে পুলিশের অভিযানে একটি আমেরিকান পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন সহ দুই যুবক আটক হয়েছেন। গ্রেপ্তাররা হলেন শিবগঞ্জের সীমান্তবর্তী মনাকষা ইউনিয়নের তারাপুর পন্ডিতপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে মো.রফিকুল (৩০) এবং তারাপুর মোড়্যলপাড়া গ্রামের মো.জাহাঙ্গীরের ছেলে মো. রুবেল ওরফে ডলার (১৯)।
পুলিশ জানায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে ভিত্তিতে মনাকষা সাহাপাড়া বাজারের মোবাইল টাওয়ারের পশ্চিম পাশে মোস্তফা মার্কেটের পেছনে সাহাপাড়া প্রি ক্যাডেট স্কুলের পূর্ব পাশে স্কুলের বাথরুমের সামনে থেকে ওই দুজনকে আটক করা হয়। এ সময় দেহ তল্লাশীতে রফিকুলের কোমরে গোঁজা ১টি পিস্তল,৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন পাওয়া যায়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, আটকরা বেআইনি আগ্নেয়াস্ত্র ব্যবসায় জড়িত। পুলিশ ক্রেতা সেজে ফাঁদ পেতে রফিকুল ও তাঁর সহযোগি রুবেলকে অস্ত্র সহ আটক করে।
শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ।