দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২০৯ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও খুলনা বিভাগে তিনজন করে মোট ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ২৮৮, খুলনা বিভাগে ২৮৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৪, বরিশাল বিভাগে ১৬৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫১, রাজশাহী বিভাগে ১৩০, ময়মনসিংহ বিভাগে ১০৮, রংপুর বিভাগে ৭৩ এবং সিলেট বিভাগে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১ জানুয়ারি থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৯ হাজার ১৪৯ জন। এ সময়ে মারা গেছেন ২০৯ জন।
চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। দুই সিটি করপোরেশনসহ এ বিভাগে মৃতের সংখ্যা ১০০ জন। এ ছাড়া খুলনায় ৩৭, চট্টগ্রামে ২১, ময়মনসিংহে ২০, বরিশালে ১৬, রাজশাহীতে ১০, রংপুরে চার এবং সিলেটে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বরজুড়ে ডেঙ্গু রোগীর হাসপাতালে ভর্তির সংখ্যা ধারাবাহিকভাবে বেশি রয়েছে। গত ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলতি বছরে ৬৭ হাজার ৩৬৭ জন ডেঙ্গু আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছিল অধিদপ্তর; এক দিনের ব্যবধানে সেই সংখ্যা আরও বেড়েছে।
ডেঙ্গু, ডেঙ্গুতে মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তর