কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান সময়ে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, কর্মমুখী শিক্ষা ছাড়া বর্তমান প্রতিযোগিতামূলক শ্রমবাজারে চাকরি বা কর্মসংস্থান ধরে রাখা কঠিন হয়ে পড়বে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মিলনায়তনে চকরিয়া উপজেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভাইস-চ্যান্সেলর বলেন, শিক্ষার্থীরা কোন কোন বিষয়ে কর্মমুখী শিক্ষা নিতে আগ্রহী, তা চিহ্নিত করে সে অনুযায়ী শিক্ষার সুযোগ তৈরি করতে হবে। ভবিষ্যৎ কর্মসংস্থানের চাহিদা বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি অধিভুক্ত কলেজগুলোতে ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠনের ঘোষণা দেন।
অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা প্রসঙ্গে অধ্যাপক আমানুল্লাহ বলেন, সমস্যাগুলো অগ্রাধিকার অনুযায়ী চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে সাম্প্রতিক পরিবর্তনের কথা তুলে ধরে ভাইস-চ্যান্সেলর বলেন, পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের প্রক্রিয়ায় গতি আনা হচ্ছে। এর অংশ হিসেবে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল ২৭ কর্মদিবসের মধ্যে প্রকাশ করা হচ্ছে। এর আগে অনার্স শেষ বর্ষ ও ডিগ্রি পরীক্ষার ফলও স্বল্প সময়ে প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।
উচ্চশিক্ষার মানোন্নয়নে দীর্ঘদিনের পুরোনো কারিকুলাম সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান অধ্যাপক আমানুল্লাহ। তিনি বলেন, কলেজগুলোর অনেক লাইব্রেরিতে প্রয়োজনীয় মানসম্মত মূল বইয়ের ঘাটতি রয়েছে। এ সমস্যা বিবেচনায় নিয়ে প্রায় ৪ হাজার কোর্সের কারিকুলাম পরিমার্জন ও নতুন পাঠ্যবই প্রণয়নের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু কোর্সের কারিকুলাম পরিবর্তন করা হয়েছে এবং অন্যগুলোর কাজও এগিয়ে চলছে।
চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ ও ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন।
সভায় চকরিয়া উপজেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠানপ্রধানরা উপস্থিত ছিলেন।
কর্মমুখী শিক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, কৃত্রিম বুদ্ধিমত্তা